" />
AmaderBarisal.com Logo

বরিশালে ইয়াবাসহ আটক রোহিঙ্গা তরুণীর তিন বছরের কারাদণ্ড


আমাদেরবরিশাল.কম

১৪ July ২০২৬ Tuesday ১১:১৮:৫৫ PM

নগর প্রতিনিধি:

বরিশালে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া এক রোহিঙ্গা তরুণীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৪ জুলাই) বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এস এম শরিয়ত উল্লাহ এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার জানান, দণ্ডপ্রাপ্ত জাহিদা বেগম (২০) কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের (আর/সি) এইচ ব্লকের ৬৩১ নম্বর শেডের বাসিন্দা মো. তাহেরের মেয়ে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, গত ৩ মে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বরিশালগামী মামুন পরিবহনের একটি বাস নগরীর কলসগ্রাম এলাকায় তল্লাশি চালায় পুলিশ।এ সময় বাসে থাকা জাহিদা বেগমের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার পরিহিত প্যান্টের পকেট থেকে পাঁচটি প্যাকেটে থাকা এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন নাইম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে একই থানার এসআই মো. ছানোয়ার হোসেন গত ২৩ জুন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।বিচার চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।