" />
AmaderBarisal.com Logo

কম্পিউটার পরিচালনায় অদক্ষ আয়া পালন করছেন ববির কম্পিউটার অপারেটরের দায়িত্ব


আমাদেরবরিশাল.কম

১৪ July ২০২৬ Tuesday ১১:৩১:৫৯ PM

নিজস্ব প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরি ভিত্তিক আয়া হিসেবে কর্মরত এক কর্মচারীকে কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব দেওয়ার পর তিনি প্রয়োজনীয় কম্পিউটার পরিচালনার দক্ষতা না থাকায় অফিসের কাজে বিঘ্ন ঘটছে এমন অভিযোগ উঠেছে।

‎গত ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী ফাতেমা নুসরাতকে কবি সুফিয়া কামাল হলের অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফাতেমা নুসরাত এর আগে দৈনিক মজুরি ভিত্তিতে আয়া হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে নিয়মিত অফিসে উপস্থিত না থাকার অভিযোগও রয়েছে। নথিপত্র ঘেটে দেখা যায়, ১৬ জুন দায়িত্ব পাওয়ার পর থেকে ২ জুলাই পর্যন্ত তিনি মাত্র চার দিন অফিসে উপস্থিত ছিলেন।

‎নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারী জানান, দায়িত্ব গ্রহণের পর একদিন তাকে কম্পিউটার চালু করতে বলা হলে তিনি তা সঠিকভাবে পরিচালনা করতে পারেননি। পরে কম্পিউটারের তথ্য নষ্ট হওয়ার আশঙ্কায় তাকে আর কম্পিউটার ব্যবহার করতে দেওয়া হয়নি। এতে অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের ওপর অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেন।

‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফাতেমা নুসরাত বলেন, আমি কম্পিউটার চালাতে পারি। তিনি আরও দাবি করেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে এবং একপক্ষীয়ভাবে সংবাদ প্রকাশের চেষ্টা চলছে। অফিসে নিয়মিত উপস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি নিয়মিত অফিস করি, এখনও বিশ্ববিদ্যালয়ে আছি। পরে সরাসরি সাক্ষাতের অনুরোধ জানালে তিনি ফোন কেটে দেন।


‎এ বিষয়ে কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট ড. মোনোয়ারা বেগম বলেন,সে প্রোপারলি কাজ পারে না তাকে শিখতে বলা হয়েছে। তার যতটুকু যোগ্যতা থাকা দরকার সেটা নেই। তবে আমরা তাকে দিয়ে কাজ চালাচ্ছি। আমাদের যেহেতু জনবলের সংকট। আমি রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলেছি। আমরা আপাতত তাকে দিয়ে কাজ চালাবো। তাকে কাজ শিখে কাজ করতে বলা হয়েছে। যেহেতু উনি কাজ করতে পারে না এজন্য আমাদের অন্যদের কাজের একটু পেসার হচ্ছে। তবে আমাদের এই মুহুর্তে কিছু করার নেই। আমি ইতিমধ্যে ভিসি স্যার এবং রেজিস্ট্রার স্যারের সাথে এ বিষয়ে কথা বলেছি। একটা লোক পেলে তবেই তাকে পরিবর্তন করা সম্ভব হবে।

‎অপর দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মো.হুমায়ূন কবীর বলেন,’তিনি কম্পিউটার চালাতে পারে কি না পারে না সেটা হল কতৃপক্ষ বলবে। আপনি বলার তো কেউ না। এই বিষয়ে আপনি ভিসি স্যারকে বলেন তার অর্ডারে হয়েছে৷ এখানে আমার কোন ক্ষমতা নেই। তিনি পারে কি পারে না সেটা হল কতৃপক্ষ লিখত আকারে জানালে আমরা সেটা আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নিব।’

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন আর রশিদের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।