" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন


আমাদেরবরিশাল.কম

১৫ July ২০২৬ Wednesday ৪:৪২:৩৬ PM

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০১৫ সালের একটি হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।একই মামলায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুজন পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো. ইউনুস আকনের ছেলে মো. কামরুল আকন এবং চরকখালী গ্রামের মো. টুকু মিয়া হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার।খালাস পাওয়া আসামি হলেন একই উপজেলার মো. ইউসুফ আকন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ মে বিকেলে পূর্বশত্রুতার জেরে মঠবাড়িয়া পৌর এলাকার বেতমোর বাজারে মো. হালিম কাজীর ছেলে রাকিবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ওই দিনই মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় কামরুল আকন, সোহাগ হাওলাদার ও ইউসুফ আকনের নাম উল্লেখ করে আরো দুই থেকে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার সাক্ষ্য–প্রমাণ পর্যালোচনা শেষে আদালত কামরুল আকন ও সোহাগ হাওলাদারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইউসুফ আকনকে খালাস দেওয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।