" />
AmaderBarisal.com Logo

নিখোঁজের ২ দিন পর কুয়াকাটায় ভেসে এলো মাঝির মরদেহ


আমাদেরবরিশাল.কম

১৫ July ২০২৬ Wednesday ৫:১৫:৪৬ PM

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ হওয়া ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে কুয়াকাটা সংলগ্ন চর গঙ্গামতি এলাকায় সাগরে ভাসমান অবস্থায় স্থানীয় জেলে ও স্বজনরা তার মরদেহটি দেখতে পান। পরে তারা মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশকে খবর দেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে। পরবর্তী আইনগত কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহত রুবেল হাওলাদার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার বাসিন্দা এবং আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি নিজ মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারের মাঝি ছিলেন।

এর আগে, গত সোমবার বেলা ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্র বন্দরের তিন নম্বর বয়া সংলগ্ন গনির টেক এলাকায় বজ্রপাতে রুবেল ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। একই ঘটনায় ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হন। স্থানীয় জেলেরা আহতদের উদ্ধার করলেও রুবেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর থেকে স্বজন ও স্থানীয় জেলেরা তাকে খুঁজতে থাকেন।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান এবং বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর জানান, কুয়াকাটার চর গঙ্গামতি এলাকা থেকে স্থানীয় জেলেরা রুবেলের মরদেহ উদ্ধার করেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।