" />
AmaderBarisal.com Logo

ববিতে র‍্যাগিং এর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা: উপাচার্য


আমাদেরবরিশাল.কম

১৫ July ২০২৬ Wednesday ৫:৩৫:৫০ PM

ক্যাম্পাস প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও শ্রেণি কার্যক্রম বুধবার (১৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগ পৃথকভাবে নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করে।

দিনব্যাপী আয়োজিত এসব অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।

ওরিয়েন্টেশন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ অর্জন করেছ। বিশ্ববিদ্যালয় জীবন জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন এবং নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ অধ্যায়।তোমাদের অধ্যবসায়, শৃঙ্খলা ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে এমন আচরণ করবে, যাতে তোমাদের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম আরও বৃদ্ধি পায়।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সর্বত্র দায়িত্বশীল আচরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সমুন্নত রাখতে হবে।

এ সময় উপাচার্য র‌্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন।

উপাচার্য আরও বলেন, দেশের কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের করের টাকায় পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের সুযোগকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। অর্জিত জ্ঞানকে সমাজ, দেশ ও মানবকল্যাণে কাজে লাগিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি নবীন শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

ওরিয়েন্টেশন শেষে বিভিন্ন বিভাগে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়।

নবীন শিক্ষার্থীদের পদচারণায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।