" />
AmaderBarisal.com Logo

বাউফলে আ,লীগ নেতা, ইউপি চেয়ারম্যান ও তার ছেলে গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

১৭ July ২০২৬ Friday ১২:৪০:১৮ AM

অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলের দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এএনএম জাহাঙ্গীর হোসেন এবং তার ছেলে, বাংলাদেশ বিমানের সাবেক কর্মকর্তা ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে পটুয়াখালী সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনকে বাউফল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী থানা পুলিশ তাদের গ্রেপ্তার দেখাবে।

পুলিশ জানায়, গত ২৭ জুন রাতে উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অঙ্গসংগঠন যুবদলের একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। এতে যুবদল ও ছাত্রদলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন এবং প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ ঘটনায় দাশপাড়া ইউনিয়নের সদস্য (ইউপি) আল মামুন বাদী হয়ে বাউফল থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয় ইউপি চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেনকে। তার ছেলে ইমরান হোসেনও এ মামলার এজাহারভুক্ত আসামি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, যুবদলের শোভাযাত্রায় হামলার মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।