উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষার অভিযোগ, বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ
আমাদেরবরিশাল.কম
১৭ July ২০২৬ Friday ৮:২৩:১৯ PM
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামে বিরোধপূর্ণ একটি জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, বড়াকোঠা গ্রামের আফজাল হোসেন বেপারীর সঙ্গে একই গ্রামের আলী হোসেন বেপারী, সুমন বেপারী, কাঞ্চন বেপারী ও অলিউল ইসলাম মল্লিকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। বিরোধীয় জমিটি বরাকোঠা মৌজার জেএল নং-৪৪, এসএ খতিয়ান নং-৯৪৩, এসএ দাগ নং-২৭০৩ এবং বিএস খতিয়ান নং-২২৬, বিএস দাগ নং-৩২৭১-এর অন্তর্ভুক্ত, যার পরিমাণ ১৫ শতাংশ। অভিযোগ রয়েছে, বিরোধ চলমান থাকা অবস্থায় আলী হোসেন বেপারী ও তার লোকজন সেখানে পাকা ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। ভুক্তভোগী আফজাল হোসেন বেপারী জানান, জমি রক্ষায় তিনি আদালতের শরণাপন্ন হন। পরে এমপি মামলা নং-৮৭৬/২৬-এর প্রেক্ষিতে উজিরপুর আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় বিরোধপূর্ণ জমিতে সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখতে নির্দেশ দেন এবং আদেশ বাস্তবায়নের জন্য উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন। আফজাল হোসেন বেপারীর অভিযোগ, “আমার আর্থিক অসচ্ছলতা ও লোকবলের অভাবের সুযোগ নিয়ে প্রতিপক্ষ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক আমার জমিতে ঘর নির্মাণ করছে।” অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলী হোসেন বেপারী বলেন, “অভিযোগকারী আমার আপন চাচা। আমি ক্রয়সূত্রে জমিটির মালিক। আদালতের কোনো নিষেধাজ্ঞা সম্পর্কে আমার জানা নেই।” এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।