![]() বরিশালে ১১ দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশ আগামীকাল, প্রধান অতিথি শফিকুর রহমান
১৭ July ২০২৬ Friday ১১:১৯:৪১ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() ১১ দলীয় ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমাবেশ আগামীকাল শনিবার বেলা ২টায় বরিশাল নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এই উপলক্ষে বরিশাল প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বিভাগীয় সমাবেশে উন্নয়নবঞ্চিত এই অঞ্চলের মানুষের দাবি তুলে ধরা হবে। এসব দাবির মধ্যে ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন এবং ভোলা-বরিশাল সেতুর বিষয় রয়েছে। সংবাদ সম্মেলনে হেলাল বলেন, জুলাই আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধদের মতো ৩০ হাজার বিভিন্ন শ্রেণির মানুষ ফ্যাসিস্টের বিরুদ্ধে বিপ্লবে দাঁড়িয়েছিলেন। জুলাই অভ্যুত্থানের পর দেশবাসী প্রত্যাশা করেছিল এমন এক শাসন ও সংবিধান পাবে যে, আর ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। এরপর জুলাইয়ের সমর্থনে গণভোটের যে রায় হয়েছে, তা প্রত্যাখ্যান করার চেষ্টা চলছে। এটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। হেলাল আরও বলেন, বরিশালের সমস্যা তুলে ধরার জন্য ১৮ জুলাই (শনিবার) বিভাগীয় সমাবেশ হবে। সমাবেশে লাখ লাখ লোকের সমাগম হবে। তিনি দাবি করেন, বরিশাল বিভাগ উন্নয়নবঞ্চিত এবং ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন ও ভোলা-বরিশাল সেতুর দাবি নেতারা সমাবেশে তুলে ধরবেন। মহানগর জামায়াতের দায়িত্বশীল এক নেতা বলেন, সমাবেশের অন্যতম লক্ষ্য আগামী সিটি নির্বাচন উপলক্ষে বরিশাল সিটির প্রার্থীকে আত্মপ্রকাশ করানো এবং প্রধানমন্ত্রী বরিশাল সফরে উন্নয়নের কোনো আশ্বাস না দেওয়ায় বরিশালবাসীর কাঙ্ক্ষিত দাবি তুলে ধরে জনমত সৃষ্টি করা। এদিকে শফিকুর রহমানের বরিশাল আগমন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বর্ণাঢ্য মিছিল করেছে। জানা গেছে, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান আগামীকাল সকালে সড়কপথে বরিশালে পৌঁছাবেন। নগরের প্রবেশদ্বার গড়িয়ারপার থেকে নথুল্লাবাদ, হাতেম আলী চৌমাথা, আমতলার মোড়সহ সার্কিট হাউসগামী সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দলীয় নেতা-কর্মীরা অবস্থান নেবেন এবং তাঁকে সংবর্ধনা জানাবেন। বিভাগীয় সমাবেশের প্রস্তুতির অগ্রগতি দেখতে সমাবেশস্থল পরিদর্শন করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালসহ শীর্ষ নেতারা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

