" />
AmaderBarisal.com Logo

গৌরনদীতে দোকান থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে জখম


আমাদেরবরিশাল.কম

১৮ July ২০২৬ Saturday ৩:০৮:৩৩ PM

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন বেপারীকে দোকান থেকে তুলে নিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় গৌরনদী বন্দরের একটি মিষ্টির দোকান থেকে তাকে কৌশলে তুলে নিয়ে এই হামলা চালানো হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন গৌরনদী পৌর এলাকার উত্তর পালরদী গ্রামের বাসিন্দা লিটন বেপারী শনিবার (১৮ জুলাই) দুপুরে অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যায় আমি গৌরনদী বন্দরের শ্যাম ঘোষের দোকানে বসে চা খাচ্ছিলাম। এ সময় স্থানীয় মিজান ও তার ছেলে, সিফাত এবং রিফাতসহ ৮ থেকে ১০ জন ব্যক্তি এসে কৌশলে আমাকে দোকান থেকে তুলে নিয়ে যায়। এরপর তারা জনশূন্য স্থানে নিয়ে আমার ওপর নির্যাতন চালিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থক হয়েও কেন আমি এখনো গৌরনদীতে অবস্থান করছি- মূলত এই ক্ষোভ থেকেই হামলাকারীরা আমাকে বেধড়ক মারধর করেছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, এ হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।