" />
AmaderBarisal.com Logo

আমতলীতে ফের মধ্যরাতে ঈসমাইল শাহ’র মাজারে অ*গ্নি*সংযোগ,গিলাফ পু*ড়ে ছাই


আমাদেরবরিশাল.কম

১৮ July ২০২৬ Saturday ৯:৩৪:১১ PM

আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

শুক্রবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা মাজার ও ইসমাইল শাহর ছেলের বসতঘরে কেরোসিন ছিটিয়ে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও মাজারের গিলাফের একাংশ পুড়ে গেছে। এ ঘটনায় মাজারের ভক্ত ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ইসমাইল শাহ মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুলের অভিযোগ, মাজার ধ্বংসের উদ্দেশ্যেই একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বারবার অগ্নিসংযোগ করছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌর শহরের বটতলা এলাকায় ১৯৯৬ সালে ইসমাইল শাহ মাজার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর দুই দিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয়ে আসছে। গত বছরের ১৬ মার্চ ২৮তম ওরস চলাকালে শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় অন্তত ২০ জন আহত হন এবং হাজারো ভক্ত ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর এক বছর চার মাস পর শুক্রবার গভীর রাতে আবারও দুর্বৃত্তরা মাজার ও ইসমাইল শাহর ছেলে শহীদ চিশতির বসতঘরে কেরোসিন ছিটিয়ে আগুন দেয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাজারের গিলাফের একাংশ আগুনে পুড়ে গেছে। মাজারের মেঝে এবং শহীদ চিশতির বসতঘরের চারপাশে কেরোসিনের দাগ দেখা যায়।

প্রত্যক্ষদর্শী সেকান্দার বয়াতী বলেন, রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হয়ে দেখি মাজারে আগুন জ্বলছে। পরে চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইসমাইল শাহর ছেলে শহীদ চিশতি বলেন, মানুষের ডাকাডাকি শুনে ঘুম থেকে উঠে কেরোসিনের গন্ধ পাই। বাইরে বের হতে গিয়ে দেখি দরজা খুলতে পারছি না। পরে লোকজন এসে ছিটকিনি খুলে দিলে বের হতে সক্ষম হই। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আমতলী থানার ওসি ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।