![]() বরিশালে জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলায় মামলা, গ্রেপ্তার ১
১৯ July ২০২৬ Sunday ৬:২২:২৩ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশালে হামলার শিকার হয়েছেন মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ে অ্যাডভোকেট নাদিমা মোহাম্মদী খান (৩৯)। এই অভিযোগে মামলা হলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শনিবার রাতে বরিশাল নগরীর সদর রোডে জেড আই খান পান্নার পারিবারিক বাড়িতে এই ঘটনা ঘটে। নাদিমার অভিযোগ, ‘গত ১৮ জুলাই আমি ও আমার চাচাতো বোন বাড়িতে আসি। সেখানে কিছু যুবক বাড়ির মধ্যে আবর্জনা ফেলে রাখে। তারা সেখানে মাদকসেবন ও মাদক কারবার চালিয়ে যাচ্ছিল। আমরা এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ২৫ থেকে ৩০ জন সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালায়। তখন আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করি।’ চাচার উসকানিতে এই হামলা হয়েছে বলেও অভিযোগ নাদিমার। ‘চাচা নজরুল ইসলাম খানের উসকানি ও প্রশ্রয়ে আমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার এবং আমার এই বাড়িতে আসা ঠেকাতে এই হামলা চালানো হয়েছে।’ তিনি জানান, আহত অবস্থায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। রবিবার সকালে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। আসামি করেন চাচা নজরুল ইসলাম খানসহ পাঁচজনকে। অন্য আসামিদের মধ্যে আছেন, রেজাউল ইসলাম সাব্বির ও জাহিদুল ইসলাম রাজু। এজাহারে উল্লেখ আছে, নাদিমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির জেরে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের একটি সংঘবদ্ধ দল হামলা চালায়। বরিশাল কোতোয়ালি থানা পুলিশের ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় চাঁদনী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. হান্নান বলেছেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালাচ্ছে। এ ঘটনায় কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

