![]() ভোলায় ইয়াবা সেবনের অভিযোগে আটক ৬, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
১৯ July ২০২৬ Sunday ৯:০৯:৩৪ PM
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদক সেবনের অভিযোগে ৬ যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের কান ধরে ওঠবস করিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে শাস্তির মুখোমুখি করার আগেই পথ থেকে কৌশলে পালিয়ে যান সামীম চৌকিদার নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা। আটককৃতরা হলেন- মোজাম্মেল বেপারির ছেলে জিয়া, মৃত শাহজাহানের ছেলে ইয়ামিন, মাহে আলম ব্যাপারীর ছেলে শুভ, শাহে আলমের ছেলে সামীম, সেলিমের ছেলে সাগর এবং সাহাজলের ছেলে শাকিল। আটককৃত জিয়া স্বেচ্ছাসেবক দলের টবগী ৩নং ওয়ার্ডের সহসভাপতি ও সামীম চৌকিদার স্বেচ্ছাসেবক দলের টবগী ৩নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ‘টবগী রাস্তার মাথা’ বাজার সংলগ্ন একটি নির্জন বাগানে বসে কয়েকজন যুবক ইয়াবা সেবন করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল ঘেরাও করে তাদের হাতেনাতে আটক করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী শাকিল জানান, ইয়াবা সেবনের বিষয়টি নিশ্চিত হয়ে এলাকাবাসী ওই ৬ জনকে প্রথমে একটি বাগানে আটকে রাখেন। পরে তাদের রশি দিয়ে বেঁধে স্থানীয় ‘টবগী রাস্তার মাথা’ বাজারে নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় মুরুব্বি ও সাবেক ইউপি সদস্য লিটন মেম্বারের উপস্থিতিতে অভিযুক্তদের কান ধরে ওঠবস করানো হয়। একইসঙ্গে প্রকাশ্যে ক্ষমা চাওয়ানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়। তবে এলাকাবাসীর অভিযোগ, বাজারে নিয়ে আসার পথেই অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা সামীম কৌশলে সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। ফলে তাকে আর শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি। এদিকে মাদক সেবনের বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ইয়াবার পরিমাণ বেশি হলে পুলিশ ঘটনাস্থলে যেত। যেহেতু এটি ভ্রাম্যমাণ আদালতের আওতাভুক্ত বিষয়, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেন তিনি। পরবর্তীতে এ বিষয়ে জানতে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মণ এবং সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

