" />
AmaderBarisal.com Logo

ববি শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

২২ July ২০২৬ Wednesday ১২:৫৯:০২ PM

ক্যাম্পাস প্রতিনিধি:

চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় সড়কের একটি ভবনের নিচতলার একটি কক্ষের তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ।

নিহত শিক্ষার্থীর নাম উচ্ছ্বাস কর্মকার (২৭)। তিনি ২০১৮–১৯ শিক্ষাবর্ষের জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনা বিভাগে।

সহপাঠীরা জানান, উচ্ছ্বাস অত্যন্ত প্রাণবন্ত ছিলেন। কয়েক মাস আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ায় তিনি বরিশালের বাইরে চলে যান। প্রায় দেড় মাস আগে তিনি আবার বরিশালে ফিরে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় সড়কের একটি ভবনের নিচতলায় একটি কক্ষ ভাড়া নিয়ে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। বরিশালে ফিরে আসার বিষয়টি অধিকাংশ বন্ধু-সহপাঠী না জানায় তার সঙ্গে কারও নিয়মিত যোগাযোগ ছিল না।

মঙ্গলবার রাতে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা কক্ষটি থেকে দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শিক্ষার্থীটি আত্মহত্যা করেছেন। তার বিভাগের শিক্ষকরা ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এ বিষয়ে জানতে বন্দর থানার ওসি ইসমাইল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।