![]() মঈনুল ইসলাম অপুর মানবিক উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন
২৫ July ২০২৬ Saturday ৭:২২:৩৬ PM
![]() বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি: চোখের আলো হারানোর শঙ্কায় দীর্ঘদিন ধরে জীবন কাটছিল অনেকের। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে ঝাপসা দৃষ্টি নিয়েই দিন পার করছিলেন কেউ, আবার কেউ অপেক্ষা করছিলেন এমন একটি সুযোগের, যা হয়তো ফিরিয়ে দেবে জীবনের আলো। শনিবার (২৫ জুলাই) মাধবপাশা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল এবং বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মো. মঈনুল ইসলাম অপুর যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে প্রায় এক হাজার মানুষ বিনামূল্যে চোখের পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ, চশমা ও চোখের ড্রপ পান। একই সঙ্গে শতাধিক ছানি রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য নির্বাচন করা হয়। তাদের অপারেশন, কৃত্রিম লেন্স, হাসপাতাল ব্যয়, ওষুধ ও পরবর্তী চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের ঘোষণা দেন সমাজসেবক মো. মঈনুল ইসলাম অপু। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের দীর্ঘ সারি দেখা যায়। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের পরীক্ষা করে ছানি, গ্লুকোমা, রিফ্র্যাকটিভ ত্রুটি ও অন্যান্য চোখের সমস্যার চিকিৎসা ও পরামর্শ দেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। চিকিৎসাসেবা নিতে আসা শিউলি আক্তারের চোখে ছিল স্বস্তির ছাপ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ঝাপসা দেখলেও ভালো হাসপাতালে যাওয়ার সামর্থ্য ছিল না। এখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তিনি খুবই উপকৃত হয়েছেন। স্থানীয়রা জানায় , গ্রামীণ এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা সহজলভ্য নয়। তাই এ ধরনের উদ্যোগ শুধু চিকিৎসাই নয়, দরিদ্র মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালায়। ভবিষ্যতেও বাবুগঞ্জের বিভিন্ন এলাকায় এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন আয়োজকরা। এক দিনের এই আয়োজন শেষ হলেও অনেক মানুষের জীবনে শুরু হয়েছে নতুন এক অধ্যায়-যেখানে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে ফিরে এসেছে বেঁচে থাকার নতুন আশা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

