Current Bangladesh Time
Monday August ১০, ২০২৬ ৪:৪৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » নদীভাঙনে ক্ষতবিক্ষত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে মানুষের শেষ আশ্রয়
২৬ July ২০২৬ Sunday ২:২৭:৪৪ PM
Print this E-mail this

নদীভাঙনে ক্ষতবিক্ষত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে মানুষের শেষ আশ্রয়


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীর ভয়াবহ ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে উপজেলার সহস্রাধিক পরিবার। বর্ষা মৌসুমের শুরুতেই নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে নদীতীরবর্তী এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি, বসতঘর ও গুরুত্বপূর্ণ সড়ক। হুমকির মুখে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার, মসজিদসহ সরকারি ও সামাজিক স্থাপনা।

সম্প্রতি সরেজমিনে উপজেলার চরকালেখান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লালন সরদারের বাড়ি থেকে আজিজ সরদারের বাড়ি পর্যন্ত নদীতীরবর্তী এলাকা ঘুরে দেখা যায় ভাঙনের ভয়াবহ চিত্র। নদীর প্রবল স্রোতে পাড় ভেঙে পানি এখন বসতবাড়ির একেবারে কাছে চলে এসেছে।

স্থানীয়দের মতে, চরকালেখান ইউনিয়নের পূর্ব বানীমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে নদীর তীর থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থান করছে। যেকোনো সময় বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এ ছাড়া লালন সরদারের বাড়ি থেকে নদীর দূরত্ব কমে দাঁড়িয়েছে মাত্র ১৫ মিটারে। নোমরহাট, বানীমর্দন দাখিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে ভাঙনের ঝুঁকিতে। শুধু এই এলাকাতেই শতাধিক পরিবার ভিটেমাটি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছে।

চরকালেখান গ্রামের বাসিন্দা মো. নূরুল হক খান বলেন, ‘প্রতি বছর নদী ভাঙনে আমাদের শত শত একর জমি ও ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। চোখের সামনে নিজের ভিটাবাড়ি নদীতে তলিয়ে যেতে দেখার কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। পানি বাড়ার সঙ্গে সঙ্গে রাতের ঘুম হারাম হয়ে যায়। ভাঙন অব্যাহত থাকলে একদিন চরকালেখান ইউনিয়নের মানচিত্রই নাই হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘জিও ব্যাগ বা অস্থায়ী কোনো ব্যবস্থা নয়, আমরা চাই স্থায়ী নদী রক্ষা বাঁধ।’

চরকালেখান ইউনিয়ন পরিষদের সদস্য মো. হান্নান চৌকিদার জানান, জয়ন্তী নদীর ভাঙনে ব্যাপারীর হাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মুলাদী-সফিপুর সড়কের একটি অংশ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভেদুরিয়া, ছত্রিশ ভেদুরিয়া ও চরমালিয়াসহ বিভিন্ন এলাকার অনেক পরিবার নদীভাঙনে ভিটেমাটি হারিয়েছে। তিনি বলেন, ‘সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে দ্রুত আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীর তীরে দৃশ্যমান ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ শুরু করা প্রয়োজন। এতে হাজারো পরিবার এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা পাবে।’

চরকালেখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার বলেন, ‘নদীভাঙন এখন চরকালেখানসহ উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রধান সমস্যা। প্রতি বছর জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে অস্থায়ী প্রতিরোধের চেষ্টা করা হলেও তীব্র ভাঙন ঠেকানো সম্ভব হচ্ছে না। স্থায়ী সমাধানের জন্য বড় প্রকল্পের মাধ্যমে তীর রক্ষা বাঁধ নির্মাণ জরুরি।’

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মো. গোলাম সরওয়ার বলেন, ‘আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীর তীরবর্তী এলাকাগুলো নদী ভাঙনপ্রবণ। স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ভাঙনের বিষয়টি জেনেছি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের বাবুগঞ্জ উপবিভাগীয় প্রকৌশলী মুশফিকুর রহমান শুভ জানান, বর্ষায় নদীর স্রোত বেড়ে যাওয়ায় কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন ঠেকানোর কাজ চলছে। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য বড় আকারের তীর সংরক্ষণ প্রকল্পের প্রস্তাবনা ও সমীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন নদীভাঙন রোধে সরকারের উচ্চপর্যায়ে উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। পানিসম্পদমন্ত্রীর কাছে পাঠানো আধা-সরকারি পত্রে (ডিও লেটার) তিনি মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার নদীভাঙন স্থায়ীভাবে রোধে বিশেষ মেগা প্রকল্প গ্রহণ ও প্রয়োজনীয় বরাদ্দের দাবি জানান।

চিঠিতে এমপি উল্লেখ করেন, মুলাদীর চরকালেখান, নাজিরপুর, গাছুয়া, সফিপুর, বাটামারা, কাজীরচর এবং বাবুগঞ্জের রহমতপুর, কেদারপুরসহ বিভিন্ন এলাকায় নদীভাঙনের কারণে জনপদের মানচিত্র ক্রমেই সংকুচিত হচ্ছে। হাজারো মানুষ হারাচ্ছে বসতভিটা ও জীবিকার ভিত্তি।

স্থানীয়দের দাবি, আড়িয়াল খাঁ, জয়ন্তী ও সন্ধ্যা নদীর অববাহিকায় টেকসই তীর সংরক্ষণ ও স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে এই জনপদকে নদীভাঙনের কবল থেকে রক্ষা করতে হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দৈনিক ১০-১১ ঘণ্টা লোডশেডিং: বরিশালে বিপর্যস্ত জনজীবন ব্যবসা-বাণিজ্যে ধস
এসএসসি ও সমমানের পরীক্ষা: বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫%, জিপিএ-৫ পেয়েছে ২৭৭৮ জন
কীর্তনখোলায় নৌবিহারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন ঐতিহাসিক নানা স্থাপনা
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com