" />
AmaderBarisal.com Logo

পটুয়াখালীতে কুকুর হত্যার অভিযোগ, ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


আমাদেরবরিশাল.কম

২৬ July ২০২৬ Sunday ৯:৪৩:০১ PM

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী সদর উপজেলায় কুকুর হত্যার অভিযোগে করা মামলায় দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

আজ রোববার পটুয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই আসামির বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

মামলা সূত্রে জানা গেছে, ২৩ জুলাই বেলা ১১টার দিকে দক্ষিণ বাদুরা গ্রামের খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। 

এ ঘটনায় পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলায় দক্ষিণ বাদুরা এলাকার মঞ্জু হাওলাদার (৫০) ও জহির হাওলাদারকে (৪৫) আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের ৭(২) ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় অভিযোগ আনা হয়েছে। 

বাদী ডা. মো. আতিউর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে ঘটনাটি সম্পর্কে জানতে পারেন। পরে বিষয়টি যাচাই-বাছাই করে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশা করছেন তাঁরা। মামলাটি আমলে নিয়ে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু বকর সিদ্দিক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।