দ্বীন ও মানবতার সেবায় ছারছীনা দরবার শরীফচট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
আমাদেরবরিশাল.কম
২৭ July ২০২৬ Monday ৮:০০:১৯ PM
সংবাদ বিজ্ঞপ্তি:
চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে ছারছীনা দরবার শরীফ। আমীরে হিযবুল্লাহ, ছারছীনা শরীফের আলা হযরত পীর সাহেব কেবলার সার্বিক দিকনির্দেশনায় হেমায়েতে ইসলাম মিশন-এর উদ্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। নির্ধারিত তিনটি স্পটের মধ্যে গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়গোনা গ্রাম এবং চনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় (বাঁশখালী, চট্টগ্রাম)-এ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর, ছারছীনা দরবার শরীফের ছোট হুজুর আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি শাহ আবু বকর ছালেহ মোহাম্মদ নেছারুল্লাহ (মা.আ.)। ত্রাণ বিতরণকালে তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ধৈর্যধারণের পাশাপাশি মহান আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখার আহ্বান জানান। তিনি বলেন, “ইসলামের শিক্ষা অনুযায়ী বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ছারছীনা দরবার শরীফ সবসময় দ্বীন ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।” ছারছীনা দরবার শরীফের এই মানবিক উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। স্থানীয় বাসিন্দারা এমন সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য ছারছীনা দরবার শরীফ, হযরত পীর সাহেব কেবলা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, বানীয়ে ছারছীনা আল্লামা নেছারুদ্দীন আহমদ রহ. ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ১৯৪৫ সাল মোতাবেক ১৩৫২ বঙ্গাব্দে ‘হেমায়েতে ইসলাম ফান্ড’ গঠন করেন। এই ফান্ড গঠনের মাধ্যমে নওমুসলিমদের সাহায্য ও পুনর্বাসনের পাশাপাশি দুর্ভিক্ষ, বন্যা, জলোচ্ছ্বাসসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুর্দশাগ্রস্ত মানুষকে সাহায্য করার মাধ্যমে দ্বীনি খেদমত করাই মূল লক্ষ্য। আল্লাহ তাআলা দ্বীনি খেদমতের এই ধারাকে চিরকাল অব্যাহত রাখুন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।