Home » গৌরনদী » বরিশাল » স্কুলে টিফিনের রুটিতে ব্লেডঃ শিক্ষার্থীর স্বীকারোক্তি; শিক্ষিকা বরখাস্ত
২৯ July ২০২৬ Wednesday ৯:৫৯:০৪ PM
স্কুলে টিফিনের রুটিতে ব্লেডঃ শিক্ষার্থীর স্বীকারোক্তি; শিক্ষিকা বরখাস্ত
নিজস্ব প্রতিনিধি:
দেশব্যাপী আলোচিত বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের রুটির মধ্যে ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে রুটি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কোনো গাফিলতি বা উৎপাদন পর্যায়ে ব্লেড ঢুকে যাওয়ার প্রমাণ পাওয়া যায়নি। বরং তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, এক শিক্ষার্থী নিজেই ব্লেডটি রুটির মধ্যে লুকিয়ে রেখেছিল। বুধবার দুপুরে তদন্ত কমিটির আহ্বায়ক ও গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম জানান, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত দল রুটি সরবরাহকারী কারখানা সরেজমিনে পরিদর্শন করে। উৎপাদনের প্রতিটি ধাপ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, কারখানার স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় একটি অক্ষত ব্লেড রুটির ভেতরে চলে যাওয়া বাস্তবসম্মত নয়। তিনি বলেন, এরপর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন তথ্য যাচাই করা হয়। তদন্তের একপর্যায়ে সংশ্লিষ্ট প্রথম শ্রেণির ছাত্রী স্বীকার করে যে, ব্লেডটি তার ব্যাগে ছিল। স্কুলে ব্লেড আনা নিষিদ্ধ হওয়ায় শিক্ষকের বকুনির ভয়ে সে সেটি রুটির মধ্যে লুকিয়ে রাখে। পরে আরেক শিক্ষার্থী বিষয়টি দেখে ফেললে শাস্তির আশঙ্কায় সে আগে থেকেই শ্রেণি শিক্ষকের কাছে দাবি করে যে, রুটির ভেতরে ব্লেড পেয়েছে। ইউএনও আরও জানান, শ্রেণি শিক্ষিকা শারমিন জাহান বিষয়টি যাচাই না করেই রুটির ছবি তুলে শিক্ষকদের মেসেঞ্জার গ্রুপ এবং পরে ক্লাস্টার গ্রুপে পাঠিয়ে দেন। এরপর ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। এ ঘটনায় তথ্য-উপাত্ত যাচাই না করে ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে সহকারী শিক্ষিকা শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, গত ২২ জুলাই গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিনের রুটির মধ্যে ব্লেড পাওয়ার দাবি করলে তার তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান