" />
AmaderBarisal.com Logo

পায়রা নদী থেকে বস্তাবন্দী অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

৩০ July ২০২৬ Thursday ১২:২৮:২৬ PM

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে পায়রা নদী থেকে বস্তাবন্দী ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, সপ্তাহখানেক আগে ওই যুবককে হত্যার পর বস্তাবন্দী করে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। মরদেহে পচন ধরে পোকায় আক্রান্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আমতলীর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকায় স্থানীয়রা পায়রা নদীর তীরে তীব্র পচা গন্ধ পান। পরে তাঁরা নদীর পাড়ে একটি বস্তা দেখতে পান, সেটির মধ্য থেকে মরদেহের একটি হাত বাইরে বেরিয়ে ছিল এবং চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বুধবার রাত সাড়ে ৭টার দিকে ট্রলারে করে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে ওই যুবককে হত্যা করে বস্তায় ভরে দুর্বৃত্তরা পায়রা নদীতে ফেলে দেয়।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত নিহত যুবকের কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।