![]() পাথরঘাটায় আদালত চত্বরে বাদী দম্পতির ওপর হামলা, হামলাকারীর ৩ মাসের কারাদণ্ড
৩০ July ২০২৬ Thursday ১২:৩৭:১০ PM
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার পাথরঘাটায় আদালতে হাজিরা দিতে এসে আদালত চত্বরে হামলার শিকার হয়েছেন একটি মামলার বাদী মো. মানিক ও তাঁর স্ত্রী রেখা বেগম। এ ঘটনায় ঘটনাস্থল থেকে আটক বেল্লাল হোসেন নামে এক হামলাকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ জুলাই) বিকেলে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আদালতের বিচারক শেখ মো. পনির এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ১৩১/২৬ নম্বর মামলার এক আসামি বর্তমানে জেলহাজতে রয়েছেন। ওই আসামির জামিন শুনানির দিন ধার্য থাকায় মামলার বাদী রেখা বেগম ও তাঁর স্বামী মো. মানিক আদালতে উপস্থিত হন। শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে আদালত থেকে বের হওয়ার সময় বেল্লাল হোসেনসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় আদালত প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ তাৎক্ষণিকভাবে বেল্লাল হোসেনকে আটক করে আদালতে সোপর্দ করে। পরে বিচারক শেখ মো. পনির আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি ও হামলার ঘটনায় বেল্লাল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বিষয়টি নিশ্চিত করে আদালতের স্টেনোগ্রাফার আল মামুন জানান, আদালত থেকে বের হওয়ার সময় মামলার বাদীর ওপর হামলার ঘটনায় ঘটনাস্থল থেকেই বেল্লাল হোসেনকে আটক করে আদালতে হাজির করা হলে বিচারক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

