" />
AmaderBarisal.com Logo

বরগুনায় ভুল তথ্যে ‘শোন অ্যারেস্ট’ আবেদন, এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ


আমাদেরবরিশাল.কম

৫ August ২০২৬ Wednesday ৬:০৮:৫৫ PM

বেতাগী ((বরগুনা) প্রতিনিধি:

ভুল তথ্যের ভিত্তিতে আদালতে ‘শোন অ্যারেস্ট’-এর আবেদন করায় নজরুল ইসলাম নামে বরগুনার বেতাগী থানার এক এসআইয়ের (তদন্ত কর্মকর্তা) বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. আনোয়ার হোসেন এ আদেশ দেন।

আদেশে বেতাগী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নিতে বরগুনার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ২৯ আগস্ট ২০২৬-এর মধ্যে গৃহীত ব্যবস্থা সম্পর্কে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা এক আসামিকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করেন। তবে মামলার নথি পর্যালোচনায় আদালত দেখতে পান, ঘটনার সময় ওই আসামি অন্য একটি মামলায় কারাগারে ছিলেন। ফলে তাকে পলাতক দেখিয়ে ‘শোন অ্যারেস্ট’ আবেদন করা বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে আদালত মন্তব্য করেন।

আদেশে আদালত উল্লেখ করেন, তদন্তকারী কর্মকর্তা যথাযথ তথ্য যাচাই-বাছাই না করেই আবেদন করেছেন, যা দায়িত্বে অবহেলা ও পেশাগত অদক্ষতার পরিচায়ক। এ ধরনের কর্মকাণ্ড বিচারিক প্রক্রিয়া ও নাগরিকের মৌলিক অধিকারের পরিপন্থি বলেও পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।

এ কারণে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।