![]() বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ
৬ August ২০২৬ Thursday ১২:১৪:১৭ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। একই সঙ্গে ঘটনার নেপথ্যে কারা, পারিবারিক বিরোধ, পূর্ব শত্রুতা, নাশকতা নাকি অন্য কোনো উদ্দেশ্য বিস্ফোরণটি ঘটানো হয়েছে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার দুপুরে বরিশালের পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান বলেন, রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। তদন্তের স্বার্থে ঢাকা থেকে আসা বিস্ফোরক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। তাদের পর্যবেক্ষণে ঘটনাস্থল এখন নিরাপদ রয়েছে। এদিকে বিস্ফোরণে গুরুতর দগ্ধ হনুফা বেগম, তার মেয়ে ইতি এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাতি ফাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় সরকারি অ্যাম্বুলেন্সে তাদের ঢাকায় নেওয়া হয়। আহতদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছে প্রশাসন। প্রসঙ্গত, সোমবার (৩ আগস্ট) ভোর ছয়টার দিকে ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে। পরে ঢাকা থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ দল এসে আলামত সংগ্রহ ও ঘটনাস্থল পরিদর্শন করে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

