![]() ডিঙি নৌকায় ভীমরুলির খালে ঘুরলেন মার্কিন রাষ্ট্রদূত
৯ August ২০২৬ Sunday ৯:৫৯:০২ PM
![]() রহিম রেজা, ঝালকাঠি ঝালকাঠির ভীমরুলি পেয়ারা বাগান ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার সকাল ৯টার দিকে তিনি ভীমরুলিতে পৌঁছান। এ সময় স্থানীয় পেয়ারা চাষিরা তাকে স্বাগত জানান। ভীমরুলিতে পৌঁছে স্থানীয় চাষিদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান মার্কিন রাষ্ট্রদূত। পরে স্থানীয়দের সঙ্গে ছবি ও সেলফিতে অংশ নেন তিনি। ভীমরুলির প্রাকৃতিক সৌন্দর্য ও পেয়ারা বাগান দেখতে ডিঙি নৌকায় করে খালে ঘুরে বেড়ান রাষ্ট্রদূত। নৌকায় ঘোরার সময় খালের দুই পাশের বিস্তীর্ণ পেয়ারা বাগান, নৌকাভিত্তিক জীবনযাত্রা ও স্থানীয়দের কর্মব্যস্ততা কাছ থেকে দেখেন তিনি। ডিঙি নৌকা ও ট্রলারে করে খালের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি পেয়ারা চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। জানতে চান পেয়ারা উৎপাদন, সংগ্রহ, বাজারজাতকরণ ও স্থানীয় বাণিজ্যের নানা দিক। পরে ভাসমান পেয়ারা হাটে গিয়ে সেখানকার কার্যক্রম প্রত্যক্ষ করেন মার্কিন রাষ্ট্রদূত। নৌকায় নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্যও উপভোগ করেন তিনি। এ সময় কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলেন এবং পেয়ারা সংগ্রহ ও বিক্রির প্রক্রিয়া সম্পর্কে খোঁজ নেন। রাষ্ট্রদূতের সফরকালে জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সফর শেষে সাংবাদিকদের ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের ভাসমান বাজারে এসে এমন একটি অনন্য স্থান ঘুরে দেখার সুযোগ পেয়ে তিনি সত্যিই আনন্দিত। নদীর ওপর এ অভিজ্ঞতাকে তিনি দারুণ মজার বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘পেয়ারা খেয়ে দেখার সুযোগ পেয়েছি, বিক্রেতাদের সঙ্গে কথা বলতে পেরেছি এবং কীভাবে পেয়ারা তোলা হয়, তা দেখেছি। অবশ্যই কিছু পেয়ারা চোখেও দেখেছি।’ ভীমরুলি দেশের অন্যতম পরিচিত ভাসমান পেয়ারা বাজার। বর্ষা মৌসুমে খালের পানিতে ডিঙি নৌকা ও অন্যান্য নৌযানে করে এখানে পেয়ারা কেনাবেচা হয়। পেয়ারা বাগান, ভাসমান হাট ও নৌকাভিত্তিক জীবনযাত্রা দেখতে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ভীমরুলিতে আসেন। এর আগে ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ভীমরুলির ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছিলেন। তিনিও নৌকায় করে হাট ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। দায়িত্ব গ্রহণের সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সংশ্লিষ্টরা মনে করছেন, ভীমরুলির পেয়ারা বাগান ও ভাসমান হাট পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষি, স্থানীয় অর্থনীতি ও পর্যটন সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতের সরাসরি ধারণা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

