" />
AmaderBarisal.com Logo

লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ


আমাদেরবরিশাল.কম

১১ August ২০২৬ Tuesday ৮:৩১:০০ PM

নগর প্রতিনিধি:

লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা, বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং জ্বালানি খাতে বেসরকারিকরণের উদ্যোগ বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল শেখ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ। সমাবেশ পরিচালনা করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, চলমান লোডশেডিংয়ে জনজীবন হুমকির মুখে পড়েছে। বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ও উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

‎তারা বলেন, আমদানিনির্ভর জ্বালানি ও বিদ্যুৎ নীতির কারণে বারবার দেশের বিদ্যুৎ খাতে সংকট তৈরি হচ্ছে। জ্বালানি সংকটে দেশের বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করতে পারছে না। অথচ দেশের সমুদ্রসীমা ও স্থলভাগে থাকা সম্ভাব্য দেশীয় গ্যাস সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।

‎বক্তারা বলেন, ভোলায় বিপুল পরিমাণ গ্যাসের মজুত থাকার পরও তা উত্তোলন না করায় দক্ষিণাঞ্চলকে বঞ্চিত করা হচ্ছে। ভোলার গ্যাস বরিশালসহ দক্ষিণাঞ্চলের শিল্পায়ন ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের দাবি জানান তারা। পাশাপাশি বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা।

‎‎‎সমাবেশ থেকে অবিলম্বে লোডশেডিং বন্ধ করে জনজীবন স্বাভাবিক করা, বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেসরকারিকরণের উদ্যোগ বন্ধ এবং ভোলাসহ দেশের বিভিন্ন উৎস থেকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের মাধ্যমে বিদ্যুৎ সংকট নিরসনের দাবি জানানো হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।