বাবুগঞ্জ থানা কম্পাউন্ডের ২০০ গজের মধ্যে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি
আমাদেরবরিশাল.কম
১২ August ২০২৬ Wednesday ৬:১৪:২৫ PM
নিজস্ব প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জে থানা কম্পাউন্ডের মাত্র ২০০ গজের মধ্যে দিনদুপুরে একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে, বাবুগঞ্জ থানা সংলগ্ন সিদ্দিকুর রহমান খানের বাড়ির দ্বিতীয় তলায় এ চুরির ঘটনা ঘটে। ওই বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মো. জসিম উদ্দিন এবং বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক মোসাম্মৎ রাহিমা আক্তার দম্পতি। ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে স্বামী-স্ত্রী দুজনই নিজ নিজ কর্মস্থলে ছিলেন। এ সুযোগে চোরচক্র পূর্বপরিকল্পিতভাবে বাসার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা বাসা থেকে আনুমানিক পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। দুপুর ৩টার দিকে কলেজ শেষে বাসায় ফিরে প্রভাষক মোসাম্মৎ রাহিমা আক্তার দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ঘরের ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে তিনি চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বাবুগঞ্জ এলাকায় ছোট-বড় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। খবর পেয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে। পুলিশের পক্ষ থেকে চোরচক্রের হোতা হিসেবে রাহাত নামে একজনকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। তদন্তের ভিত্তিতে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাহাত নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।” তিনি আরও বলেন, “বাবুগঞ্জে বর্তমানে বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি নেই। তবে সম্প্রতি কিছু চুরির ঘটনা সামনে আসায় সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। চুরি প্রতিরোধে পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে। বাবুগঞ্জ বাজার, কলেজ গেট, কেদারপুর ও পাকুদিয়াসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে রাতে ৪ থেকে ৫টি টহল টিম নিয়মিত দায়িত্ব পালন করছে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।” ওসি বলেন, “জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো ব্যক্তি বা কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করছি। চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।