" />
AmaderBarisal.com Logo

বামনায় বুকের ওপর পা চেপে বৃদ্ধাকে হত্যার অভিযোগ


আমাদেরবরিশাল.কম

১৫ August ২০২৬ Saturday ৭:০৪:৩৩ PM

বরগুনা প্রতিনিধি:

বরগুনার বামনায় জমি-সংক্রান্ত বিরোধে মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে ও বুকের ওপর পা চেপে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

এ ঘটনায় আজ শনিবার সকালে নিহতের মেয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। এর আগে গতকাল শুক্রবার দুপুরে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু হয়। 

মামলার এজাহার ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মধ্য আমতলী গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশী মো. হানিফ খাঁর বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিস-বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। গতকাল সকালে হানিফ খাঁ, তাঁর স্ত্রী কোহিনুর বেগম, শ্যালক আলামিনসহ কয়েকজন বিরোধপূর্ণ জমিতে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন। 

এ সময় মনোয়ারা বেগম বাধা দিলে তাঁকে কাঠের চেরা ও লোহার রড দিয়ে মারধর করা হয়। এতে মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাঁর বুকের ওপর পা চেপে ধরে নির্যাতন করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মনোয়ারা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুপুরের দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের মেয়ে ডালিমা আক্তার বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে আসামিরা আমার মাকে পিটিয়ে ও বুকের ওপর পাড়া দিয়ে হত্যা করেছে। আমরা এ নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই।’ 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠিয়েছে। নিহতের মেয়ে বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।