![]() শাশুড়ির সঙ্গে বিরোধে মেয়েকে নিয়ে বিষপান, বেঁচে ফিরলেন শুধু মা
১৫ August ২০২৬ Saturday ১১:২৪:৩৩ PM
মুলাদী (বরিশাল)প্রতিনিধি: ![]() বরিশালের মুলাদীতে শাশুড়ির সঙ্গে পারিবারিক বিরোধের জেরে আট বছরের মেয়েকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন পিংকি বেগম (২৮) নামের এক গৃহবধূ। পরে চিকিৎসাধীন অবস্থায় পিংকি বেগম বেঁচে গেলেও তাঁর মেয়ে সুমাইয়া বেগম (৮) মারা গেছে। শনিবার (১৫ আগস্ট) উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, পিংকি ওই গ্রামের কাঠমিস্ত্রি হালিম তালুকদারের স্ত্রী। নিহত সুমাইয়া স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বর্তমানে পিংকি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন। পিংকির স্বামী হালিম জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়েকে বিষপান করানোর পর পিংকিও বিষপান করেন। এ সময় তিনি বাজারে ছিলেন। ঘরে মা-মেয়ে ছাড়া আর কেউ ছিলেন না। খবর পেয়ে বাড়িতে গিয়ে দুজনকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পিংকিকে ওয়াশ করানো হলে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে শিশু হওয়ায় সুমাইয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়াশ করানো হয়নি। পরে দুজনকে নিয়ে বেলা ১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান তাঁরা। জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই সুমাইয়ার মৃত্যু হয়েছে। হালিম বলেন, প্রায় ১০ বছর আগে পিংকিকে তিনি বিয়ে করেন।সংসারের বিভিন্ন বিষয় নিয়ে তাঁর মায়ের সঙ্গে পিংকির প্রায়ই ঝগড়া হতো। সংসারে শান্তি ফেরাতে তিনি তাঁর মাকে কিছুদিনের জন্য বোনের বাড়িতে পাঠিয়ে দেন। দুই দিন আগে তাঁর মা বাড়িতে ফিরে এলে আবারও পিংকির সঙ্গে ঝগড়া হয়। শনিবার সকালে তাঁর মা পাশের বাড়িতে গেলে মেয়েকে নিয়ে পিংকি বিষপান করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ‘মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

