" />
AmaderBarisal.com Logo

বাকেরগঞ্জে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি


আমাদেরবরিশাল.কম

১৫ August ২০২৬ Saturday ১১:২৯:৪৫ PM

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানের ইয়াবা সেবনের ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

ভিডিওতে থাকা ব্যক্তিকে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খান (২৬) ও তিনি উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের বাসিন্দা ও দোলন খানের ছেলে।

শনিবার (১৫ আগস্ট) বাকেরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। এতে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদারের স্বাক্ষর রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি এবং সাংগঠনিক বিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন খানকে ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে শাওন খানকে একটি কক্ষের খাটের কোণে বসে ইয়াবা সেবন করছেন এমন দৃশ্য দেখা যায়। ভিডিওটি কোথায় ও কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তবে ইয়াবা সেবনের অভিযোগ অস্বীকার করেছেন শাওন খান। ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘গত ১৪ আগস্ট বৃহস্পতিবার সংসদ সদস্য আবুল হোসেন খানের বাসায় একটি অনুষ্ঠানের সময় মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার জের ধরে আমাকে হেয় করতে ভিডিওটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে আমি আইনি প্রক্রিয়ায় যাব।’

বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার বলেন, ‘আমরা ভিডিওটি পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে। আমরাও তদন্ত করছি। কোনো মাদক কারবারি বা মাদকসেবীর দলে জায়গা হবে না। সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।