Current Bangladesh Time
Friday September ১১, ২০২৬ ৪:৫৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
১৬ August ২০২৬ Sunday ১১:৫৪:২৫ AM
Print this E-mail this

বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা


বিশেষ প্রতিনিধি:

বরিশাল শিক্ষা বোর্ডের আওতায় এ বছর দেড় হাজারের অধিক বিদ্যালয়ের নবম শ্রেণির প্রায় ৬০ হাজার শিক্ষার্থী নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেছে। প্রতি শিক্ষার্থীর কাছ থেকে নিবন্ধন ফি বাবদ শিক্ষা বোর্ড নিয়েছে ৩৮৬ টাকা। কিন্তু অন্য বোর্ডের চেয়ে ১৭০ টাকা বেশি নেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষক-অভিভাবকেরা।

বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অভিযোগ করেছেন, আন্তবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সব বোর্ডের নিবন্ধন ফি একই হওয়ার কথা। বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ কেন অতিরিক্ত ফি নিচ্ছে, তা শিগগির তাঁরা জানতে চাইবেন। 

শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, ২০২৮ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে, তারা ১৬ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধন করেছে। বোর্ডের আওতাভুক্ত দেড় হাজারের অধিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিবন্ধন করেছে। তবে কত শিক্ষার্থী নিবন্ধন করেছে, তা জানাতে পারেনি শিক্ষা বোর্ড সূত্র। তবে শিক্ষকেরা জানিয়েছেন, প্রতি বিদ্যালয় থেকে গড়ে ৪০ শিক্ষার্থী নিবন্ধন করলেও দেড় হাজার বিদ্যালয়ে নিবন্ধন করেছে ৬০ হাজার। 

বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার ১৫ জুলাই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবম শ্রেণির নিবন্ধন ফি ৩৮৬ টাকা ধার্য করা হয়। অপর দিকে, ঢাকা শিক্ষা বোর্ড ১৯৬ টাকা এবং যশোর বোর্ড ২১৬ টাকা ধার্য করে। ওই দুই বোর্ড অপেক্ষা বরিশাল বোর্ড তাদের বিজ্ঞপ্তিতে ৪টি খাতে বাড়তি ফি ধার্য করেছে—অন্ধকল্যাণ ফি ৫ টাকা, বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিল ফি ১০০ টাকা, উন্নয়ন ফি ৫০ টাকা এবং ই-সার্ভিস ফি ২৫ টাকা। সে হিসেবে ঢাকা বোর্ডের চেয়ে ১৯০ টাকা এবং যশোর বোর্ডের চেয়ে ১৭০ টাকা বেশি নেওয়া হয়েছে। আর ৬০ হাজার শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে। কয়েক বছর ধরে অতিরিক্ত অর্থ বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা ভাগাভাগি করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 

বাকেরগঞ্জ আলহাজ আ. মজিদ খান বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, গত বছর থেকে ঢাকা, যশোর, রাজশাহী ও সিলেট বিভাগ অপেক্ষা নিবন্ধন বাবদ বেশি ফি আদায় করছে বরিশাল শিক্ষা বোর্ড। অভিভাবকেরা অতিরিক্ত অর্থ নেওয়ার কৈফিয়ত জানতে চেয়েছেন। 

এ প্রসঙ্গে বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার বলেন, ফি নির্ধারণ করে প্রশাসন শাখা। ওই শাখা থেকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। 

তবে শিক্ষা বোর্ডের নিবন্ধন শাখার ভারপ্রাপ্ত সেকশন অফিসার মো. এনামুল বলেন, বোর্ডের অর্থ কমিটির অনুমোদন সাপেক্ষে তারা ফি নির্ধারণ করেছেন। বিদ্যালয় পরিদর্শক এ বিষয়ে ব্যাখ্যা দিতে পারবেন।

এসব বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভূঁইয়া) সদর উপজেলা শাখার সভাপতি মো. শফিকুর রহমান বলেন, আন্তবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সব বোর্ডে নিবন্ধন ফি একই হবে। প্রধান শিক্ষকেরা শিগগির বোর্ড চেয়ারম্যানের কাছে বিষয়টি জানতে চাইবেন।

এ ব্যাপারে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এ বছর নবম শ্রেণির নিবন্ধনে অন্য বোর্ড অপেক্ষা বেশি ফি নেওয়া হয়েছে, এমন অভিযোগ তাঁর কাছেও এসেছে। তিনি প্রশাসন শাখার কাছে বিষয়টি জানতে চেয়েছেন। শিগগির এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com