" />
AmaderBarisal.com Logo

দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় বাবাকে ছেলের হত্যা


আমাদেরবরিশাল.কম

১৭ August ২০২৬ Monday ১০:৫৪:০১ PM

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাবার দ্বিতীয় বিয়ে এবং মৃত মায়ের স্বর্ণালংকার ফেরত চাওয়াকে কেন্দ্র করে কৃষক পুলিন মিত্রকে (৫৩) হত্যার অভিযোগ উঠেছে ছেলে পবিত্র মিত্রের (২৩) বিরুদ্ধে। 

রোববার (১৬ আগস্ট) পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে পিতৃহত্যার কথা স্বীকারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন পবিত্র মিত্র। মঠবাড়িয়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে পুলিন মিত্রের স্ত্রী মারা যান। এরপর পুলিন তার ছেলে পবিত্র মিত্রকে নিয়ে বসবাস করছিলেন। সম্প্রতি অসুস্থ মায়ের সেবা ও সংসারের প্রয়োজনের কথা বলে পুলিন মিত্র দ্বিতীয় বিয়ের ইচ্ছা প্রকাশ করেন। একই সঙ্গে তার মৃত স্ত্রীর রেখে যাওয়া স্বর্ণের চেইন ও ঝুমকা ছেলের কাছে থাকায় সেগুলো ফেরত চান। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ তৈরি হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) গভীর রাতে এ বিরোধের জেরে বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পবিত্র তার বাবাকে ঘুষি ও এলোপাতাড়ি মারধর করেন বলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছেন। এতে পুলিনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে ঘটনার পর পবিত্র বিষয়টি ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তিনি বলেন, অজ্ঞাতনামা মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে বাবাকে অচেতন করে হত্যা করেছে এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। একই সঙ্গে পবিত্রও অচেতন হওয়ার নাটক করে হাসপাতালে ভর্তি হন বলে পুলিশ জানায়।

শনিবার সকালে খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ পুলিন মিত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন পবিত্রকে জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে পুলিশের সন্দেহ হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে হত্যার বিষয়টি স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় নিহত পুলিন মিত্রের বড় ভাই যোগেন মিত্র বাদী হয়ে রোববার সকালে পবিত্র মিত্রকে আসামি করে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন।

মঠবাড়িয়া থানার কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, নিহত পুলিন মিত্রের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গ্রেপ্তার পবিত্র মিত্রকে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।