" />
AmaderBarisal.com Logo

রাজাপুরে নিখোঁজের এক দিন পর খাল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

১৯ August ২০২৬ Wednesday ৭:৫২:৩৯ PM

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের এক দিন পর মো. ফাহিম হাওলাদার (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফাহিম গালুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সৌদিপ্রবাসী মো. সোহাগ হাওলাদারের ছেলে। সে ৪৬ নম্বর নিজ গালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। 

পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফিরে মাকে ভাত খাওয়ার কথা বলে বাড়ির সামনের খালে গোসল করতে যায় ফাহিম। দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি খালের ঘাটে তার জুতা ও কাপড় পড়ে থাকতে দেখা যায়। 

স্থানীয়রা জাল দিয়ে খালে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রাতে রাজাপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

আজ বুধবার দুপুরে ফাহিমের দাদা আবদুল মান্নান হাওলাদার (৭৫) জাল দিয়ে খালে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ফাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।