" />
AmaderBarisal.com Logo

মৌলিক ভিডিওতে ‘মিথ্যা’ কপিরাইট দাবি, চ্যানেল আইয়ের শাইখ সিরাজকে সাংবাদিকের আইনি নোটিশ


আমাদেরবরিশাল.কম

২০ August ২০২৬ Thursday ১:৫৫:৪০ PM

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা;

পটুয়াখালীর বাউফলে কর্মরত সাংবাদিক ও বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জি এম মশিউর রহমান মিলনের একটি মৌলিক ভিডিও প্রতিবেদনে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ কপিরাইট দাবি করার অভিযোগে চ্যানেল আইয়ের প্রকাশক শাইখ সিরাজকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত ১৯ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন সাংবাদিক মিলনের পক্ষে রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।
নোটিশে অভিযোগ করা হয়েছে, সাংবাদিক জি এম মশিউর রহমান মিলন গত ২৬ জুলাই তার ব্যক্তিগত ফেসবুক পেজে ‘চাঁদাবাজির অভিযোগ, সাংবাদিককে হাতে নাতে ধরলো ভুক্তভোগী হিন্দু পরিবার’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন সরাসরি সম্প্রচার করেন। প্রতিবেদনের ভিডিওচিত্র তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে ধারণ ও প্রচার করেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশ সূত্রে জানা যায়, প্রকাশের পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। এতে প্রায় ৮১৫টি লাইক, ২৭৯টি মন্তব্য ও ২৬৭টি শেয়ার হয় বলে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে ভিডিওটি বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছায় এবং ঘটনাটি নিয়ে জনসচেতনতা তৈরি হয় বলে দাবি করা হয়েছে।
তবে ভিডিওটি প্রকাশের কয়েকদিন পর, গত ৮ আগস্ট চ্যানেল আই কর্তৃপক্ষ ফেসবুকের ‘রাইটস ম্যানেজার’ ব্যবস্থার মাধ্যমে ওই ভিডিওর ওপর কপিরাইট মালিকানা দাবি করে বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। এতে ভিডিওটির ৩৩ সেকেন্ড থেকে ৬ মিনিট ৩ সেকেন্ড পর্যন্ত অংশ নিজেদের বলে দাবি করা হয়। ওই দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ ভিডিওটি বিশ্বব্যাপী ব্লক করে দেয় বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক মিলনের পক্ষে পাঠানো আইনি নোটিশে বলা হয়েছে, ভিডিওটির সংশ্লিষ্ট অংশ সাংবাদিক নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে ধারণ, সম্পাদনা ও প্রকাশ করেছেন। ফলে অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই ভিডিওর ওপর মালিকানা দাবি করা ‘ভিত্তিহীন’ ও ‘দায়িত্বহীন’ কর্মকাণ্ড। এতে তার সৃজনশীল কাজের স্বীকৃতি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ফেসবুক থেকে সম্ভাব্য আয় থেকেও তিনি বঞ্চিত হয়েছেন বলে নোটিশে দাবি করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, একটি স্বনামধন্য গণমাধ্যম প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো কনটেন্টের মালিকানা দাবি করার আগে যথাযথ যাচাই-বাছাই করা প্রয়োজন। কিন্তু তা না করে একজন কর্মরত সাংবাদিকের নিজস্বভাবে ধারণ করা প্রতিবেদনের ওপর কপিরাইট দাবি করায় তার পেশাগত মর্যাদা ও সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় চ্যানেল আইয়ের প্রকাশক শাইখ সিরাজের কাছে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তিনটি দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, ভিডিওটির ওপর করা কপিরাইট দাবি অবিলম্বে প্রত্যাহার করে ফেসবুকের মাধ্যমে ভিডিওটি পুনরায় সচল করার ব্যবস্থা করা; ঘটনার জন্য সাংবাদিক জি এম মশিউর রহমান মিলনের কাছে লিখিতভাবে ক্ষমা চাওয়া এবং পেশাগত সম্মানহানি ও আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকা প্রদান করা।
নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ করা না হলে প্রচলিত আইন অনুযায়ী শাইখ সিরাজ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সাংবাদিক মিলনের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সাংবাদিক জি এম মশিউর রহমান মিলন বলেন, ভিডিওটি আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে ধারণ ও প্রচার করেছি। পরে আমার নিজস্ব প্রতিবেদনের ওপর কপিরাইট দাবি করে সেটি ব্লক করে দেওয়ায় আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। বিষয়টি সমাধানের জন্যই আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।