" />
AmaderBarisal.com Logo

বাউফলে সন্তানের প্যাম্পাসে ইয়াবা লুকিয়েও শেষ রক্ষা হয়নি আলোচিত মাদক কারবারীর


আমাদেরবরিশাল.কম

২২ August ২০২৬ Saturday ৫:৫৬:৪৭ PM

অনলাইন নিউজ ডেস্ক:

সন্তানের প্যাম্পাসের মধ্যে ইয়াবা লুকিয়ে রেখেও শেষ রক্ষা হয়নি আলোচিত মাদক ডিলার মাইনুল ইসলাম সুমনের। পটুয়াখালীর বাউফল থানা পুলিশের অভিযানে প্যাম্পাসের মধ্যে লুকিয়ে রাখা ৬০০ পিসসহ মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদক কারবারে সংশ্লিষ্ট থাকার অভিযোগে মাইনুল ইসলাম সুমনের স্ত্রী তানিয়া বেগম (৩৩) ও সহযোগী সুমন মৃধাকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার চন্দ্রপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে মাদক ডিলার মাইনুল ইসলাম সুমন আত্মগোপনে চলে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ২৮০ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা নগদ অর্থসহ গ্রেপ্তার হয়েছিলেন মাইনুল ইসলাম সুমন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রথমে সুমন মৃধাকে আটক করে পুলিশ। তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাইনুল ইসলাম সুমনের বাসায় অভিযান চালানো হয়। এ সময় শিশুদের প্যাম্পাসের মধ্যে লুকিয়ে রাখা আরও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

এদিকে গ্রেপ্তার মাইনুল ইসলাম সুমনের স্ত্রী তানিয়া বেগমের পরিবারের অভিযোগ, তানিয়া মাদকের বিষয়ে জানতেন না। পরিবারের সদস্যদের দাবি, মাদকের বিষয় নিয়ে নিষেধ করলে মাইনুল তাকে বেধড়ক মারধর করতেন। তানিয়াকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।