![]() ববির ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যাংকারকে মারধর-চাঁদাবাজির অভিযোগ
২৪ August ২০২৬ Monday ১:০৯:২২ PM
ক্যাম্পাস প্রতিনিধি: ![]() বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন এলাকায় ঘুরতে আসা এক ব্যাংক কর্মকর্তাকে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও নিজের নিরাপত্তা চেয়ে রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জনতা ব্যাংক পিএলসির ওই কর্মকর্তা। অভিযুক্তরা হলেন- ববির পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনিক, ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম শাওন ও একই শিক্ষাবর্ষের ইশরাক। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী তাকে মারধর ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত সবাই বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযোগের বিষয়ে জানতে চেয়ে অনিক এবং ইশরাককে একাধিকবার কল করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে রাশেদুল ইসলাম শাওন বলেন, অভিযোগটি ভিত্তিহীন।অভিযোগকারীকে এক নারীসহ নদীর পাড়ে আপত্তিকর অবস্থায় ধরেছেন এবং পরে তাকে বাইকে করে ক্যাম্পাসের সামনেও দিয়ে গেছেন। যেই অভিযোগ করা হয়েছে তার ভিত্তিতে ক্যাম্পাসের সামনের সিসিটিভি ফুটেজ চেক করার হলে সত্যিটা জানা যাবে। এদিকে অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে জনতা ব্যাংক কর্মকর্তা আ. রাজ্জাক মোল্লা তার এক বান্ধবীকে নিয়ে ক্যাম্পাসের পাশের মেরিন একাডেমি রাস্তায় ঘুরতে যান। এসময় ববির পদার্থ বিজ্ঞান বিভাগের ওই তিন শিক্ষার্থী তার পরিচয় জানতে চান। তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের বাইরের লোক হিসেবে পরিচয় দিলে অভিযুক্তরা তার বিরুদ্ধে ‘অসামাজিক কর্মকাণ্ডের’ মিথ্যা অভিযোগ তুলে ৫০ হাজার টাকা দাবি করেন। ভুক্তভোগী রাজ্জাক মোল্লা অভিযোগ অস্বীকার করলে অভিযুক্ত শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মাথায়, মুখে ও বুকে ঘুষি মারেন এবং তার বান্ধবীকে শারীরিকভাবে হেনস্তাচেষ্টা করেন। পরবর্তীতে জোর করে টাকা আদায়ের লক্ষ্যে ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সোনালী ব্যাংক ও ইসলামী ব্যাংকের এটিএম বুথে নিয়ে যাওয়া হয়। বুথে তার ব্যবহৃত কার্ড কাজ না করায় ৩ নম্বর গেটের বিপরীত পাশের একটি বিকাশ দোকান থেকে বিকাশ ও নগদের মাধ্যমে জোর করে টাকা উত্তোলন করিয়ে নেন অভিযুক্তরা। অভিযোগে বলা হয়, অভিযুক্তদের এই ব্যাংক বুথে নিয়ে যাওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজও সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা রাজ্জাক মোল্লা বলেন, ক্যাম্পাসের পাশের রাস্তায় ঘুরতে গিয়ে এমন নৃশংস হামলা ও চাঁদাবাজির শিকার হয়ে আমি চরম আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি। এটি আমার জন্য শারীরিক, মানসিক ও আর্থিকভাবে মারাত্মক ক্ষতিকর। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাইরে, বিধি মোতাবেক আমর তেমন কিছু করার সুযোগ নেই। তবুও অভিযোগ যেহেতু উঠেছে সেহেতু আমরা বিষয়টি দেখব। অপরদিকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

