বাউফলে ছেঁড়া বৈদ্যুতিক তারে কৃষকের মৃত্যু, পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে নোটিশ
আমাদেরবরিশাল.কম
২৫ August ২০২৬ Tuesday ৫:০৪:৪৩ PM
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
বাউফলে সড়কের ওপর পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে উজ্জ্বল রাড়ী (৫০) নামে এক কৃষকের মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবং বাউফল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার-জোনাল ম্যানেজার বরাবর এ নোটিশ পাঠানো হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন নোটিশটি পাঠান। নোটিশে বলা হয়, গত ১৭ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামালপুর এলাকায় কামালপুর উচ্চ বিদ্যালয়সংলগ্ন সড়কের ওপর দীর্ঘ সময় ধরে পড়ে থাকা একটি ছেঁড়া বৈদ্যতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল রাড়ী মারা যান। তিনি গৃহপালিত পশুর জন্য ঘাস কাটতে গিয়ে সড়কের ওপর পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। নোটিশে আরও উল্লেখ করা হয়, এর আগের দিন ১৬ আগস্ট সকালে একটি ঘাস কাটার মেশিনের আঘাতে বৈদ্যতিক খুঁটি থেকে তার ছিঁড়ে সড়কের ওপর পড়ে যায় বলে স্থানীয়ভাবে জানা যায়। এরপর তারটি দীর্ঘ সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও সেটি অপসারণ বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন বলেও নোটিশে দাবি করা হয়। কিন্তু যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় দুর্ঘটনাটি ঘটে এবং উজ্জ্বল রাড়ী মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে। আইনি নোটিশে বলা হয়, উজ্জ্বল রাড়ী একজন কৃষক ছিলেন। তার পরিবার বর্তমানে আয়ের কোনো উৎস না থাকায় অসহায় অবস্থায় পড়েছে। পরিবারের সদস্যদের মানবেতর জীবনযাপন থেকে রক্ষায় বিদ্যুৎ আইন ও প্রচলিত অন্যান্য আইনের আওতায় যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। নোটিশে বিদ্যুৎ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে দুর্ঘটনার জন্য দায়ী কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত করতে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, তদন্তে দায় প্রমাণিত হলে বিভাগীয় ও প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ফৌজদারি আইনে মামলা করার ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এ ছাড়া ওই এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বৈদ্যতিক তার ও অন্যান্য অবকাঠামো পরীক্ষা করে দ্রæত মেরামত এবং ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, ভবিষ্যতে এ ধরনের অবহেলাজনিত দুর্ঘটনা যাতে না হয়। কোন পরিবার তার স্বজনকে যেন এভাবে হারাতে না হয় তার জন্যই তার এই উদ্দ্যোগ।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।