" />
AmaderBarisal.com Logo

বাবুগঞ্জে নদীভাঙন: বিলীনের পথে বেড়িবাঁধ, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা


আমাদেরবরিশাল.কম

১ September ২০২৬ Tuesday ৭:৪৬:২৭ PM

নিজস্ব প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জে নদীভাঙনের কবলে পড়েছে উপজেলার দুই ইউনিয়নের মধ্যে থাকা বেড়িবাঁধ। এতে যে কোনো সময় ইউনিয়নের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।  

স্থানীয়রা জানায়, উপজেলার রহমতপুর ও চাঁদপাশা ইউনিয়নের সংযোগ সড়ক ও মীরগঞ্জ বাজারসংলগ্ন বেড়িবাঁধ নদীভাঙনের কবলে পড়ে বিলীনের পথে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা। 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নদীভাঙন অব্যাহত থাকলেও তা রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।তারা বলছেন, বর্তমানে বেড়িবাঁধ ও সড়কের একটি অংশ নদীর দিকে ধসে পড়েছে। ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা না নিলে দুই ইউনিয়নের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা তাদের।

স্থানীয় সূত্র জানায়, রহমতপুর ও চাঁদপাশা ইউনিয়নের মানুষের চলাচলের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে এলাকার কৃষকরা এ পথ ব্যবহার করে উৎপাদিত কৃষিপণ্য পরিবহন করেন।সড়কটি ধসে পড়লে কৃষিপণ্য পরিবহনের পাশাপাশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগে পড়বে।

তাদের দাবি, ভাঙন অব্যাহত থাকায় নদীর তীরবর্তী কৃষিজমি ও বসতভিটাও ঝুঁকিতে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সরেজমিন পরিদর্শন করে ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

স্থানীয়দের আশঙ্কা, সময়মতো বাঁধ রক্ষায় ব্যবস্থা নেওয়া না হলে শুধু সড়ক ও বেড়িবাঁধই নয়, আশপাশের কৃষিজমি ও জনবসতিও নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়বে।

এ ব্যাপারে বরিশাল পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, দ্রুত ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকার জনপদ রক্ষা করা হবে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাবেদ ইকবাল বলেন, বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন এলাকায় নদীভাঙন তীব্র ধারণ করেছে। নদীতে প্রবল স্রোত থাকায়  নদীর পাশের সড়ক ভাঙনের কবলে পড়ে। বাবুগঞ্জে ভাঙন রোধে  দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।