বাউফলে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপিত
আমাদেরবরিশাল.কম
৪ September ২০২৬ Friday ৩:২২:০৪ PM
বাউফল ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার কালাইয়া মদনমোহন জিউড় আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণে এক অনাড়ম্বর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দিবসটি উপলক্ষে কালাইয়া মদনমোহন জিউড় আখড়াবাড়ি পূজা উদযাপন পরিষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা (র্যালি) বের করা হয়। শোভাযাত্রাটি কালাইয়ার ঐতিহ্যবাহী বাণিজ্যিক বন্দরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় শত শত ভক্ত ও পুণ্যার্থী অংশগ্রহণ করেন।শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে কালাইয়া মদনমোহন জিউড় আখড়াবাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি অতুল চন্দ্র পালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার।প্রধান অতিথির বক্তব্যে সব্যসাচী মজুমদার বলেন, “শ্রীকৃষ্ণের মূল বাণী ছিল অধর্মের বিনাশ ঘটিয়ে পৃথিবীতে শান্তি ও ধর্ম সংস্থাপন করা। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি ধর্মীয় উৎসব সব ধর্মের মানুষের মেলবন্ধনে একটি সার্বজনীন উৎসবে রূপ নেয়।” তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, কালাইয়া পূজা উদযাপন পরিষদ কমিটির সাবেক সভাপতি শিবানন্দ রায় বণিক, প্রভাষক রণজিৎ রায় এবং বিশিষ্ট ব্যবসায়ী দুলাল কর্মকার।বক্তারা শ্রীকৃষ্ণের জীবন ও দর্শনের ওপর আলোকপাত করে সমাজ থেকে অন্যায়, অবিচার ও অধর্ম দূর করে একটি শান্তিময় সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিশ্ব শান্তি ও জনকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এরপর উপস্থিত বিপুল সংখ্যক পুণ্যার্থীর মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।