" />
AmaderBarisal.com Logo

ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০


আমাদেরবরিশাল.কম

৭ September ২০২৬ Monday ১০:৫১:২৮ PM

নিজস্ব প্রতিবেদক:

ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬টি ড্রেজার ও একটি বাল্কহেডসহ ৪০ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬ লাখ ১৭ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত থেকে বিকেল পর্যন্ত ভোলা সদর উপজেলার কালুপুর ইউনিয়নের গাজীপুর চরসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল রবিবার দিবাগত রাত ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬টি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়।এ সময় ৪০ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

পরে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৩৮ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

জব্দ করা ৬ লাখ ১৭ হাজার ১০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, নদীর তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা অবৈধ বালু উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।