" />
AmaderBarisal.com Logo

আ.লীগের মধ্যে অনুশোচনা নেই, তাদের শাস্তি দেবে সরকার: স্পিকার


আমাদেরবরিশাল.কম

১৩ September ২০২৬ Sunday ৯:৪০:৩৯ PM

ভোলা প্রতিনিধি:

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ এ দেশের সর্বনাশ করে গেছে, বাংলাদেশের রিজার্ভ চুরি করে ফিলিপাইনে নিয়ে গেছে তারা। ‘আয়নাঘর’ নামে কোনো টর্চার সেল ছিল, এটা এ দেশের মানুষ কখনোই জানত না। আওয়ামী মাফিয়াগোষ্ঠী আয়নাঘর নামে টর্চার সেল বানিয়ে নিরীহ মানুষকে নির্যাতন করেছে। জামায়াত নেতা আহমাদ বিন কাসেমকে আট বছর ধরে আটকে রেখে নির্যাতন করেছে। বিনা অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অসংখ্য মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে। এ জন্য ২০২৪ সালে একটি অভ্যুত্থান হয়েছে, আল্লাহর গজব তাদের ওপর নেমে এসেছে।

আজ রোববার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ কথা বলেন।

স্পিকার বলেন, এত কিছু করার পরও তাদের (আওয়ামী লীগ) মধ্যে এতটুকু অনুশোচনা নেই। তাদের শাস্তি দেবে সরকার। প্রতিবেশী রাষ্ট্র ভারতকে এই মাফিয়া সরকার সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিয়েছে মন্তব্য করে স্পিকার বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ করতে পারেনি। ২০০৬ সালে এ দেশে কোনো মাদক ছিল না, এসব আওয়ামী লীগ সৃষ্টি করেছে, তারা নিজেরা মাদক খায়, আবার তারাই বিক্রি করে।

স্পিকার আরও বলেন, ‘লালমোহন থেকে প্রথম আমিই সেনাবাহিনীতে যোগদান করেছি, মেজর জিয়াউর রহমান ছিলেন আমার প্রশিক্ষক। আমি কখনোই ধনসম্পদ অর্জনের চেষ্টা করিনি। এখন তো অনেক এমপিই হাজার হাজার কোটি টাকা বানায়।’ রাস্তাঘাটসহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তজুমদ্দিন উপজেলাকে পৌরসভায় রূপান্তর করারও আশ্বাস দেন।

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াছমিন, বিএনপি নেতা জাকির হোসেন হাংসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।