![]() বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ
১৫ September ২০২৬ Tuesday ১:০২:২৫ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশালে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা। আজ সোমবার নগরীর নথুল্লাবাদ সংলগ্ন অবস্থিত কারখানাটির সামনে অবস্থান নিয়ে দিনভর বিক্ষোভ করেন তাঁরা। এর আগে গতকাল রোববার শ্রমিকদের বেতন বকেয়া রেখেই কারখানাটি বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। শ্রমিকদের অভিযোগ, নিয়োগপত্র এবং পরিচয়পত্র দাবি করায় কৌশলে কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের দ্বন্দ্ব বাঁধিয়ে কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এই ষড়যন্ত্রের প্রতিবাদ ও কাজে যোগদানের দাবিতে আজ কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা। শ্রমিকেরা জানান, সম্প্রতি মো. মজনু নামের কারখানার এক কর্মকর্তার সঙ্গে পলাশ নামের এক শ্রমিকের দ্বন্দ্ব হয়। ওই কর্মকর্তা গায়ে পড়ে শ্রমিক পলাশের সঙ্গে দ্বন্দ্ব এবং হাতাহাতিতে জড়ান। এ ঘটনায় শ্রমিক পলাশকে মালিকপক্ষ শোকজ করলে তিনি যথাযথ জবাব দেন। তবু ওই ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তারা কর্মবিরতি কর্মসূচি পালন করেন। গতকাল দুপুরে হঠাৎ শ্রমিকদের ওপর দায় চাপিয়ে কারখানা বন্ধের নোটিশ দেয় মালিকপক্ষ। এ ঘটনায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী জানান, একজন কর্মকর্তা গায়ে পড়ে শ্রমিকদের সঙ্গে বিরোধ সৃষ্টি করে। এর জের ধরে কর্মকর্তারা কয়েক দিন ধরে কর্মবিরতি পালন করে আসছেন। বিপরীতে শতাধিক শ্রমিক নিয়মিত তাঁদের কার্যক্রম এবং পেশাগত দায়িত্ব পালন করে আসছিলেন। ডা. মনীষার অভিযোগ, মূলত কারখানা বন্ধ ঘোষণা করা মালিকপক্ষের একটি কৌশল। কেননা ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল কোম্পানি শ্রমিকদের নিয়োগপত্র এমনকি পরিচয়পত্র পর্যন্ত দেয়নি। বিষয়টি নিয়ে শ্রমিকেরা আন্দোলন করে। এর পরিপ্রেক্ষিতে চলতি মাসে শ্রমিকদের নিয়োগপত্র এবং পরিচয়পত্র দেওয়ার কথা ছিল। সেটা যেন না দেওয়া লাগে সে জন্যই মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের বিরোধ বাঁধিয়ে কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

