![]() চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে
১৮ September ২০২৬ Friday ৪:৪২:৫০ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালীর বাউফলে এক ব্যবসায়ীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদল কর্মী সৈয়দ মো. সোহাগের বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাউফল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী মো. নাইম হোসেন। নাইম হোসেন (৩০) উপজেলার পূর্ব কালাইয়া গ্রামের বাবলু চৌকিদারের ছেলে। তিনি শৌলা তারের পোল বাজারে কীটনাশক বিক্রির পাশাপাশি ট্রলি গাড়ির ব্যবসা পরিচালনা করেন। অভিযুক্ত সৈয়দ মো. সোহাগ কালাইয়া ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী নাইমের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন সোহাগ। টাকা না দেওয়ায় প্রায় ২০ দিন আগে সোহাগ তার কয়েকজন সহযোগীকে নিয়ে নাইমের কীটনাশকের দোকানে তালা ঝুলিয়ে দেন। পরে স্থানীয়দের সহায়তায় নাইম তালা ভেঙে দোকানটি খুলে ব্যবসা শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ একাধিকবার নাইম ও তার বাবাকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত মঙ্গলবার নাইমকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। নাইমের বাবা বাবুল চৌকিদার জানান, বাজারের একটি তেলের দোকানে ডেকে নিয়ে ট্রলি চালানো ও তরমুজ পরিবহনের বিনিময়ে টাকা দাবি করেন সোহাগ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরে ফোনেও তাকে হুমকি দেওয়া হয়। অভিযোগের বিষয়ে সৈয়দ মো. সোহাগ বলেন, ‘বিগত মৌসুমে তার এক আত্মীয়ের তরমুজ নাইমের ট্রলিতে পরিবহন করা হয়। চুক্তি অনুযায়ী প্রতি পিস তরমুজের জন্য ১ টাকা করে দেওয়ার কথা থাকলেও নাইম তা পরিশোধ করেননি।’ দোকানে তালা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস ও সদস্যসচিব সাইফুল ইসলাম ফিরোজকে একাধিকবার ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি। উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, ‘সৈয়দ মো. সোহাগ যুবদলের কর্মী কি না, তা আমার জানা নেই। পরে বিস্তারিত জানাতে পারব।’ বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

