" />
AmaderBarisal.com Logo

দুমকিতে সাংবাদিকের নাম-ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি


আমাদেরবরিশাল.কম

১৯ September ২০২৬ Saturday ৩:১৩:০১ PM

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

ফেসবুকে ভুয়া আইডি খুলে সাংবাদিকের নাম ও ছবি ব্যবহার করে অপপ্রচার ও মানহানিকর পোস্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পটুয়াখালীর দুমকি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মো. দেলোয়ার হোসেন।

সাংবাদিক দেলোয়ার হোসেন দুমকি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও একটি জাতীয় দৈনিকের পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

জিডি সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিরা তার নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক প্রোফাইল খুলেছে। এসব আইডি থেকে তার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বিভিন্ন পোস্ট ছড়ানো হচ্ছে। পাশাপাশি তার পরিচিতজনদের কাছে বিভিন্ন বিভ্রান্তিকর বার্তা পাঠিয়েও অপপ্রচার চালানো হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, ভুয়া ফেসবুক আইডিগুলোর এসব কর্মকাণ্ডে সাংবাদিক দেলোয়ার হোসেনের সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এতে তার পরিবারও সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

এ ঘটনায় ভুয়া ফেসবুক আইডিগুলো শনাক্ত করে এর পেছনে জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি।

দেলোয়ার হোসেন জানান, তার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া পরিচয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে তার সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘সাধারণ ডায়েরিটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। প্রযুক্তিগত সহায়তায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।