" />
AmaderBarisal.com Logo

বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার


আমাদেরবরিশাল.কম

২১ September ২০২৬ Monday ৩:২২:৫৫ PM

নগর প্রতিনিধি:

বরিশালে কাঁচাবাজারে সবজির দাম স্থিতিশীল থাকলেও মাছের বাজারে স্বস্তি মিলছে না সাধারণ ক্রেতাদের। তবে কিছু কিছু সবজির দামও ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরীর বহুমুখী সিটি মার্কেট পাইকারি সবজির বাজার ও পোর্ট রোড মাছের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পাইকারি সবজির বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ গত সপ্তাহে থেকে ১১০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল গত সপ্তাহের দামে ৭০ থেকে ৮০ টাকা, টমেটো ১০০ থেকে ১১০, ঢেঁড়স ৫০ থেকে ৬০, চিচিঙ্গা ৬০ থেকে ৭০, ধুন্দল ৮০, ঝিঙা ১০০, করলা ৭০ থেকে ৮০, বেগুন ৮০ থেকে ১০০, বরবটি ১০০, লাউ ৫০ থেকে ৬০ এবং পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়াও পাকা মিষ্টি কুমড়া ৫৫ থেকে ৬০ টাকা, কাঁকরোল ৮০ থেকে ১০০ এবং কচুর লতি ৬০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বহুমুখী সিটি মার্কেট পাইকারি সবজির বাজারের দুলাল বানিজ্যালয়ের আমিনুল ইসলাম শুভ বলেন, ‘বর্তমানে সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই দাম আগের মতোই আছে। সবজির সরবরাহ কমে গেলেই দাম বৃদ্ধি পায়। তবে এখন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সবজির দাম কিছুটা বাড়বে।’

এদিকে নগরীর পোর্ট রোড পাইকারি মাছ বাজারে দেখা গেছে, নদীর মাছের সরবরাহ না থাকায় চাহিদা ও দাম দুটোই বেড়েছে চাষের মাছের। সপ্তাহ ব্যবধানে আকার ও প্রকারভেদে বিভিন্ন মাছের দাম কেজিতে ৫০-১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে পছন্দের মাছ কিনতে না পারার আক্ষেপ ক্রেতাদের কণ্ঠে।

জাহাঙ্গীর হাওলাদার নামে এক ক্রেতা বলেন, ‘আগে এক কেজি চিংড়ি মাছ ৫৫০ থেকে ৬০০ টাকায় কিনেছি। এখন সেই চিংড়ি মাছ ১৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একই ভাবে অন্যান্য মাছের দামও বেড়েছে। আগে চাহিদা অনুযায়ী পছন্দের মাছ কিনতে না পেরে তেলাপিয়া ও পাঙ্গাশ মাছ কিনতে হয়েছে। এখন আস্তে আস্তে তেলাপিয়া ও পাঙ্গাশ মাছের দামও বৃদ্ধি পাচ্ছে।’

এদিকে কিছু দিন ধরে প্রতি কেজি ব্রয়লার ১৬৫-১৭০ টাকা, লেয়ার ৩৬৫, আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।