" />
AmaderBarisal.com Logo

ভান্ডারিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ


আমাদেরবরিশাল.কম

২৫ September ২০২৬ Friday ১১:১৯:১২ PM

ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এক প্রবাসীর বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার ইকড়ি ইউনিয়নের বেতাগী সিংখালী ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী সিংখালী এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী মো. আজম খান (৫০) দুবাই থেকে ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ব্যক্তিরা ওই রাতে তার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা বাড়ির দোতলায় উঠে ভাঙচুর করে এবং সেখানে অগ্নিসংযোগ করে। এতে ঘরের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিসংযোগ ও ভাঙচুরের খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ভাণ্ডারিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়।

ঘটনার পর আজম খানের মা মোসা. মমতাজ বেগম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা করেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আমির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।