" />
AmaderBarisal.com Logo

চরফ্যাশনে বাসার সামনে কাফনের কাপড়, হত্যার হুমকি


আমাদেরবরিশাল.কম

২৯ September ২০২৬ Tuesday ৮:১৯:৪২ PM

চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:

চরফ্যাশন উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাইফুল ইসলাম কামরুল নামে এক ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে রাতের আঁধারে বাসার সামনে কাফনের কাপড়, গোলাপজল, সাবান ও আগরবাতি রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। 

উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আনোয়ার উল্লাহ মাওলানা বাড়িতে সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সাইফুল ইসলাম কামরুলের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার আপন ছোট ভাই আবু তাহের সিকদারদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ও পারিবারিক কলহ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় তাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে এবং প্রাণনাশের হুমকি দিতে রাতের অন্ধকারে তার ঘরের সামনে কাফনের কাপড়সহ দাফন-কাফনের সামগ্রী রেখে যাওয়া হয়। এ ঘটনার পর থেকে সাইফুল ইসলাম কামরুল ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসার সামনে কাফনের কাপড়, সাবান, গোলাপজল ও আগরবাতি দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী পরিবার এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং প্রশাসনের পক্ষ থেকে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। 

অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে। 

চরফ্যাশন থানার ওসি খলিলুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।