![]() নেছারাবাদে স্কুল ফিডিংয়ের দুধ চুরি: ছাত্রদল নেতা বহিষ্কার
২ October ২০২৬ Friday ১২:০১:২৭ PM
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্কুল ফিডিং’ কর্মসূচির শিশুদের জন্য বরাদ্দ করা দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা মো. নাদিম মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে পিরোজপুর জেলা ছাত্রদল। বহিষ্কৃত নাদিম মাহমুদ নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে দলীয় প্যাডে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নেছারাবাদ ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. নাদিম মাহমুদকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে বহিষ্কৃত নাদিম মাহমুদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা শাখার সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন সিদ্ধান্তটি অনুমোদন করেছেন। স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত শুক্রবার স্কুল ফিডিং কর্মসূচির ৩০ প্যাকেট দুধ চুরির অভিযোগ ওঠে। বিষয়টি পরবর্তী বুধবার জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে ওই দিন সকালে দুধ চুরির অভিযোগ ওঠা নাদিম মাহমুদ ও তাঁর দুই বন্ধু বিদ্যালয়ে গিয়ে ৩০ প্যাকেটের মধ্যে ২৭ প্যাকেট দুধ ফেরত দেন বলে জানা গেছে। এ সময় নাদিম মাহমুদ দুধ নেওয়ার বিষয়টি স্বীকার করে দাবি করেন, তাঁরা মাত্র তিন প্যাকেট দুধ খেয়েছেন। ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পিরোজপুর জেলা ছাত্রদলের নজরে আসে। এরপর বৃহস্পতিবার রাতে দলীয় সিদ্ধান্তে নাদিম মাহমুদকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

