![]() আটক করে নির্যাতন, মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার অভিযোগ বাউফলের তাফসানের
২ October ২০২৬ Friday ৩:০৯:৪৭ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() রাজধানী ঢাকায় বিএনপির নেতাকর্মী পরিচয় দেওয়া ৩০–৩৫ জনের একটি দলের বিরুদ্ধে তাকে ও আরও তিনজনকে আটক করে নির্যাতন এবং মুক্তিপণ দাবির অভিযোগ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও বাউফল সরকারি কলেজের সাবেক নেতা রাইজুল আহম্মেদ তাফসান। শুক্রবার (২ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন তিনি। পোস্টে তাফসান দাবি করেন, বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েলকে আদালতে নেওয়ার সময় তাকে একনজর দেখার জন্য দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা করেন তারা। পরে জুয়েলকে পিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার পর তারা সেখান থেকে চলে আসেন। তার ভাষ্য অনুযায়ী, কিছুটা সামনে যাওয়ার পর পূর্বপরিকল্পিতভাবে ৩০–৩৫ জন তাদের আটক করেন। প্রথমে তাদের ডিবি পুলিশ মনে হলেও পরে তারা বিএনপির নেতাকর্মী বলে জানতে পারেন বলে দাবি করেন তাফসান। তিনি আরও দাবি করেন, তার সঙ্গে বাউফল উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাইদুল ইসলাম মেহেদী, বাউফল ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ এবং জিয়াউল হক জুয়েলের ব্যক্তিগত সহকারী (পিএস) নাসিরকেও রাজধানীর মালিটোলা এলাকা থেকে আটক করা হয়। তাফসানের অভিযোগ, তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পেছনে শাঁখারীবাজারের পাশের একটি ভবনে নিয়ে প্রায় চার ঘণ্টা আটকে রাখা হয়। সেখানে তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং মুক্তির জন্য টাকা দাবি করা হয়। টাকা না দিলে মেরে ফেলা অথবা পুলিশের কাছে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও তিনি দাবি করেন। একপর্যায়ে মুক্তিপণ দিয়ে তারা ছাড়া পান বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন তাফসান। ঘটনার পর তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ রয়েছেন জানিয়ে নিজের ও অন্যদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তবে অভিযোগে বিএনপির কোনো নির্দিষ্ট নেতা বা কর্মীর নাম উল্লেখ করেননি তাফসান। অভিযুক্ত পক্ষের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

