" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে গৃহবধূকে হত্যার পর মালপত্র লুট


আমাদেরবরিশাল.কম

৪ October ২০২৬ Sunday ৩:৩৬:৫৬ PM

অনলাইন নিউজ ডেস্ক:

পিরোজপুরের কাউখালীতে জেসমিন বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকান্দা এলাকার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত জেসমিন বেগম (৫০) ওই এলাকার মৃত কেরামত আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে ঘরে একাই ছিলেন জেসমিন বেগম। সকালে স্থানীয় এক কিশোর ওই বাড়িতে সুপারি পাড়তে গিয়ে জেসমিন বেগমকে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের পেছন দিয়ে গেলে খাটের ওপর গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের বিষয়টি জানালে পুলিশকে খবর দেওয়া হয়।

এলাকাবাসীর প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। মালপত্র লুটপাটে বাধা দেওয়া অথবা চিনে ফেলার কারণে জেসমিন বেগমকে হত্যা করা হয়।

ঘটনার খবর পেয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এবং থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরাধীদের শনাক্ত করতে আলামত সংগ্রহ করেছে সিআইডি।

কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।