" />
AmaderBarisal.com Logo

মঠবাড়িয়ায় গভীর রাতে দরজা ভেঙে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, ছেলে গুলিবিদ্ধ


আমাদেরবরিশাল.কম

৪ October ২০২৬ Sunday ৫:০৭:২৪ PM

মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় শহিদুল ইসলাম স্বপন হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম এবং তার ছেলে মেহেদী হাসানকে (২০) গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া স্বপন হাওলাদারের স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দিনগত রাত দুইটার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ভেচকি গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। স্বপন হাওলাদার টিকিকাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

পরিবারের অভিযোগ, রাতের আঁধারে ১০ থেকে ১৫ জনের একটি দল বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে পরিবারের সদস্যদের মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় স্বপন হাওলাদারকে কুপিয়ে এবং তার ছেলে মেহেদী হাসানকে গুলি করা হয়।

আহতদের প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত মেহেদী হাসান জানান, গভীর রাতে দরজা ভেঙে কয়েকজন ঘরে ঢুকে তাদের মারধর শুরু করেন। তার বাবাকে কুপিয়ে এবং মাকে মারধর করা হয়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তিনটি গুলি ছোড়া হয়েছে। এর মধ্যে দুটি গুলির অংশ পাওয়া গেছে এবং একটি গুলি তার হাতে রয়ে গেছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতার জেরে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। একজন গুলিবিদ্ধ ও অন্যজন গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।