" />
AmaderBarisal.com Logo

মনপুরায় চাঁদার বদলে মহিষ, বাধা দেওয়ায় মেম্বারের হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা


আমাদেরবরিশাল.কম

৪ October ২০২৬ Sunday ৬:৪৯:১০ PM

মনপুরা ((ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরায় চাঁদা না পেয়ে মহিষ ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় মো. শরিফ নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় করা মামলায় পুলিশ দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

আহত ইউপি সদস্য মো. শরিফ কলাতলী ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় আহতের ভাই রুবেল ভূঁইয়া বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে মনপুরা থানায় একটি মামলা করেন। মামলার পরপরই রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কলাতলী ইউনিয়নের কাজীরচর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—কলাতলী ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড কাজীরচরের বাসিন্দা মো. জুয়েল (২৫) ও মো. ছালাউদ্দিন (৩৬)।

মামলার বাদী রুবেল ভূঁইয়া অভিযোগ করে বলেন, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে আসামিরা ইউপি সদস্য মো. শরিফের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা গোয়াল থেকে মহিষ নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শরিফ মেম্বার বাধা দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে দুই হাত ও পা ভেঙে দেয়।

তবে নিজেদের নির্দোষ দাবি করে গ্রেফতার ছালাউদ্দিন ও জুয়েল জানান, তারা এ হামলার সঙ্গে জড়িত নন; রাজনৈতিক বিরোধের জেরে তাদের মামলায় ফাঁসানো হয়েছে।

মনপুরা থানার ওসি মো. মাজাহারুল ইসলাম জানান, মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি চার আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।